• Tue. Jun 30th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ

ByFardin Zaman

May 6, 2026

সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): পাবনার চাটমোহর ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সংযোগস্থলে কমলা নদীর ওপর নির্মিত একটি ফুট ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ১৯৯৯ সালে নির্মিত এই প্রায় ৩০ ফিট দীর্ঘ ব্রিজটি ২৭ বছর পেরিয়ে গেলেও কোনো ধরনের বড় সংস্কার না হওয়ায় এখন তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির এক পাশে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রাম এবং অপর পাশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রাম। এছাড়াও রাজাপুর, মুলাডুলি, সানদাই, সাতইলসহ অন্তত ২০টি গ্রামের মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে। তবে গত ১০ থেকে ১২ বছর ধরে ব্রিজটির রেলিং ভেঙে রয়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পুরো কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য ঝুঁকি আরও বেশি বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা আব্দুর রহমান জানান, ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে। রেলিং ভাঙা থাকায় খুব ভয় নিয়ে পার হতে হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

আরেকজন পথচারী রইচ উদ্দিন বলেন, বাচ্চাদের নিয়ে পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে আরও ভয় লাগে। আমরা দ্রুত একটি নতুন ব্রিজ চাই।

গাড়ি চালক ফারুক আহমেদ বলেন, দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হোক। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবীর বলেন, ব্রিজটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। জনস্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *