• Tue. Mar 17th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন

সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): আসন্ন ঈদুল ফিতর (রোজার ঈদ) উপলক্ষে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তিনি উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ভিজিএফের চাউল বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় চাউল বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুলসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৪০০ জন দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। ঈদের আগে এসব পরিবারকে খাদ্য সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে এই বরাদ্দ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষদের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার অসহায় ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত তদারকি করছি যাতে এই সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতেই পৌঁছে।

তিনি আরও বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *