• Tue. Jun 23rd, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

এমপি শিমুল বিশ্বাসের হস্তক্ষেপে মাঠে সওজ কর্মকর্তারা

ByFardin Zaman

Jun 23, 2026



জনগণের সমস্যাকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তাঁর প্রত্যক্ষ উদ্যোগ ও তদারকিতে এবার কাশিপুর এলাকার দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নজরে আনলে তিনি তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার (২২ জুন) সকালে পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ, উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় কর্মকর্তারা কাশিপুর এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে দ্রুত কাজ শুরুর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান বিসমিল্লাহ বর্ষণ কনস্ট্রাকশন ইতোমধ্যে স্ক্যাভেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কাশিপুর বাজার এলাকায় নিয়ে এসেছে এবং কাজ শুরুর প্রস্তুতি গ্রহণ করেছে।
উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, চাঁদাখার বাঁশতলা থেকে আওতাপাড়া বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়কে ওয়্যারিং কোর্স, ডিবিএলসি, রিজিড পেভমেন্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে এলাকায় পৌঁছেছে। তবে বৈরী আবহাওয়া ও বর্ষা মৌসুমের কারণে কাজ শুরু হতে সর্বোচ্চ এক সপ্তাহ বিলম্ব হতে পারে।
এলাকাবাসী সংসদ সদস্য শিমুল বিশ্বাসের দ্রুত হস্তক্ষেপ ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, জনগণের দুর্ভোগের কথা জানার পর তিনি যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন, তাতে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের আশা তৈরি হয়েছে। তারা সড়কটির দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, জনগণের সমস্যা সমাধানে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সক্রিয় ভূমিকা এবং সরকারি কর্মকর্তাদের সরাসরি মাঠপর্যায়ে উপস্থিতি প্রমাণ করে যে, উন্নয়ন কার্যক্রমকে তিনি কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *