• Sun. Feb 22nd, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বেড়ায় যমুনা নদীর তীর রক্ষায় অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধিঃ

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) কাজীরহাট ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাতেন ফকির বিক্রির উদ্দেশ্যে এক্সক্যাভেটর ব্যবহার করে যমুনা নদীর তীর থেকে মাটি কাটছিলেন এবং বালু তুলছিলেন। এতে নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে।

নদীতীর ক্ষতিগ্রস্ত করে বালু ও মাটি উত্তোলন করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত বাতেন ফকিরকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *