
পাবনা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় আবু সাঈদ চেয়ারম্যানসহ ১৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা চার্জশিটটি আদালতে জমা দেন।
তদন্ত কর্মকর্তা জানান, দীর্ঘ এক বছরের তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক।
পাবনা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল জানান, চার্জশিটের বিষয়ে তিনি অবগত হয়েছেন, তবে অনুলিপি এখনো হাতে পাননি।

প্রাথমিক তথ্যে জানা যায়, এজাহারের ১০৩ জন আসামির পাশাপাশি তদন্তে নতুন করে আরও ৩৪ জনের নাম যুক্ত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় গুলিবিদ্ধ হয়ে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) ও সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬) নিহত হন।
এর ছয় দিন পর নিহত জাহিদুলের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
