
মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাত প্রায় ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ করে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহটি বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে টয়লেটের ট্যাংকিতে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উলঙ্গ অবস্থায় মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কারা, কেন এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
