
ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গুলি করে, কুপিয়ে হত্যা
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন সোহাগ (২৬)-কে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইমরান উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কারা ও কী কারণে তাকে হত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ঈশ্বরদী প্রতিনিধি
হুজ্জাতুল্লাহ হীরা
01777373332
