সিলেটের রায়নগরে তিনজনকে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামের এক রংমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে ঘটনার দায় স্বীকার করেছে। এ বিষয়ে সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাবুল মিয়া রায়নগর এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা এবং মৃত নূর মিয়ার ছেলে। নিহত আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের সঙ্গে বাবুলের পূর্ব পরিচয় ছিল। কাজের সুবাদে সে ওই বাসায় নিয়মিত যাতায়াত করত। সেখানে কর্মরত গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সকালে বাবুল ওই বাসায় গেলে তাহমিনা দরজা খুলে দেয়। এরপর তাহমিনার রুমে গিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল চাকু দিয়ে তাহমিনাকে হত্যা করে। এরপর চিৎকারের শব্দ শুনে সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও হত্যা করা হয় এবং সবশেষে আব্দুস সাত্তারকে হত্যা করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মীর চিৎকার শুনে সুরাইয়া বেগম এগিয়ে যান এবং পরবর্তীতে তারও চিৎকার শোনা যায়। পুলিশ জানিয়েছে, অপরাধ সংঘটনের পর বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যায় এবং পাশের ফ্ল্যাটের একটি স্থানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ফেলে দেয়।


আপনার কমেন্ট লিখুন