
পাবনা শহরের শালগাড়িয়া মাসুম বাজার এলাকার প্রধান সড়কের বেহাল দশা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পাবনা বাস ডিপোর সামনে এ কর্মসূচির আয়োজন করে ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আশরাফিয়া মাদরাসা।
কর্মসূচিতে অংশ নেন দুই সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর সড়ক সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ ও মুহতামিম হাফেজ মাওলানা আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফ আলী প্রামানিক। সঞ্চালনা করেন নায়েবে মুহতামিম মুফতি নাজমুল হুসাইন এবং দোয়া পরিচালনা করেন সাইখুল হাদিস আলহাজ্ব হারুনুর রশীদ মাদানী।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাসুম বাজার সড়কের বেহাল অবস্থা নিয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার আবেদন জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিন মাসের মধ্যে সংস্কারের আশ্বাস দেওয়া হলেও তিন বছর পেরিয়ে গেছে; এখনো কাজ শুরু হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলন ও প্রয়োজনে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
বিআরটিসি বাস ডিপো মোড় থেকে চেতনের মোড় পর্যন্ত প্রায় পাঁচশ’ গজ দীর্ঘ সড়কটি বর্তমানে সম্পূর্ণ চলাচল অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃষ্টির দিনে হাঁটু পানি আর রোদে ধুলার কারণে পুরো এলাকা নাজুক অবস্থায় থাকে।
রাস্তাটির দুই পাশে শতাধিক দোকানপাট ও অস্থায়ী বাজার বসে, যেখানে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ কেনাকাটা করতে আসেন। এ সড়কের সঙ্গেই অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা ধর্মীয় প্রতিষ্ঠান জামেয়া আশরাফিয়া মাদরাসা, যেখানে শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ও ইফতা পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।
অনেক শিক্ষার্থী প্রতিদিন বাসা থেকে যাতায়াত করেন, কিন্তু সড়কের ভয়াবহ অবস্থার কারণে তারা ও তাদের অভিভাবকরা দুর্ঘটনা ও চরম ভোগান্তির মুখে পড়ছেন। মাদরাসার বড় জামে মসজিদে আগত মুসল্লিরাও একই সমস্যায় ভুগছেন।
জেলা প্রশাসকের কাছে পেশ করা স্মারকলিপিতে উল্লেখ করা হয়—
“পাবনা বি.আর.টি.সি বাস ডিপো মোড় থেকে চেতনের মোড় পর্যন্ত সড়কটি জরুরি ভিত্তিতে কংক্রিট ঢালাই ও সংস্কার করা অত্যন্ত প্রয়োজন। দীর্ঘদিনের অবহেলায় এই সড়কটি সম্পূর্ণ ভগ্নদশায় পরিণত হয়েছে, যা জনদুর্ভোগ ও ব্যবসায়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”
স্মারকলিপিতে আরও বলা হয়—
“এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে, অথচ দেড় যুগ ধরে এটি সংস্কারবিহীন। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে।”
