
নিজস্ব প্রতিবেদক।।
পাবনা জেনারেল হাসপাতালে রক্ত কেনাবেচার ঘটনায় দুইজনকে হাতে-নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে। জানা যায়, সদর উপজেলার তারা খাতুন তাঁর অসুস্থ মায়ের জন্য রক্ত খুঁজছিলেন। এ সময় রাখালগাছি এলাকার এক নারী, নিরুপমা, টাকা নিয়ে রক্ত সরবরাহের প্রস্তাব দেন। পরে আটঘরিয়া উপজেলার হান্নান প্রামানিক নামের একজন রক্ত বিক্রির চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে পাঁচ হাজার টাকায় এক ব্যাগ রক্তের চুক্তি হয়। তবে শেষে চার হাজার পাঁচশ টাকায় লেনদেন সম্পন্ন করা হয়।
এ ঘটনার সময় উপস্থিত স্বজন ও প্রত্যক্ষদর্শীরা সন্দেহ করে পুলিশকে খবর দেন। পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান এবং দালাল নিরুপমা ও রক্তদাতা হান্নানকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।
হাসপাতালের আশপাশে দীর্ঘদিন ধরেই কিছু দালালচক্র রক্তের বিনিময়ে অর্থ লেনদেন করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে এবার প্রকাশ্যে রক্ত বিক্রি করতে গিয়ে ধরা পড়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
রোগীর স্বজনদের অভিযোগ, ব্লাড ব্যাংকের কার্যক্রমে সঠিক তদারকির অভাবেই এমন ঘটনা ঘটছে। তারা স্থায়ীভাবে দালালচক্র নির্মূল এবং রক্তদাতা উৎসাহমূলক কর্মসূচি জোরদারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়ম ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হবে এবং রক্ত বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
