• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সিরাজগঞ্জে সিপাহি পদে ভুয়া নিয়োগে পৌনে ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আব্দুন নূর সিরাজগঞ্জ(মাল্টিমিডিয়া প্রতিনিধি):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে ভুয়া নিয়োগপত্র ও পুলিশ ভেরিফিকেশন দেখিয়ে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই যুবকের নাম মো. আব্দুল মালেক। তিনি উল্লাপাড়ার বেতকান্দি গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা হলেন—ঢাকার মিরপুর সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজের অফিস সহায়ক ফিরোজ এবং ঢাকার মধ্য বাড্ডার প্রবাসী এজেন্সি ব্যবসায়ী রাশিদুল।

প্রথমে ফিরোজ ও রাশিদুল মালেকের পরিবারকে চাকরির প্রলোভন দেখান। তারা জানান, ২৫ লাখ টাকার বিনিময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে চাকরি দেওয়া হবে। একাধিক ধাপে নগদ টাকা ও ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ২১ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন তারা।

পরে ভুয়া পুলিশ ভেরিফিকেশন ও নিয়োগপত্র তৈরি করে মালেককে জানানো হয়, তার পোস্টিং হয়েছে কক্সবাজার টেকনাফে এবং প্রশিক্ষণের জন্য রাজশাহীতে যোগ দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ে ট্রেনিং শুরু হলেও তিনি যোগ দিতে পারেননি। পরে জানা যায়, নিয়োগপত্র ও ভেরিফিকেশন দুটোই ভুয়া।

আবদুল মালেক অভিযোগে উল্লেখ করেছেন, প্রতারণার মাধ্যমে ফিরোজ ও তার সহযোগীরা টাকা ছাড়াও ৭টি স্ট্যাম্প ও ৭টি চেক নিয়েছেন। টাকা ফেরত না পেয়ে তিনি সেনা সদর দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি বলেন—
“আমার মতো আর কোনো মায়ের সন্তান যেন ভুয়া নিয়োগপত্র ও ভুয়া ভেরিফিকেশনের ফাঁদে পড়ে সর্বস্বান্ত না হয়। আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ ঘটনায় ফিরোজের মামা আতাউর বলেন,
“এ বিষয়ে দায়িত্ব নিয়েছিলাম। ফিরোজের মায়ের ওয়ারিশসূত্রে কিছু জমি আছে। সেই জমি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার কথা বলেছি। কিন্তু ফিরোজের বাবা-মা রাজি হচ্ছেন না।”

এলাকার মুরুব্বী মাওলানা হযরত জানান,
“আমি গ্রাম্য সালিশে ছিলাম। এলাকার সবাই জানে মালেকের কাছ থেকে চাকরির কথা বলে ২১ লাখ ৭০ হাজার টাকা নেওয়া হয়েছে। ফিরোজও টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এবং দুই মাস সময় চেয়েছিল। কিন্তু এখনো টাকা ফেরত দেয়নি। আমরা সমাধানের চেষ্টা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *