
বিশেষ প্রতিনিধি, পাবনা:
পাবনা শহরতলির চক পৌলানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘ESkuf’ (ইস্কাফ) সিরাপসহ মোঃ তুষার (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) পরিচালনা করা এই অভিযানে আসামির ভাড়াবাসার খাটের নিচ থেকে ৭৮ বোতল (৭,৮০০ মিলিলিটার) নিষিদ্ধ কোডিনযুক্ত ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ হাজার টাকা।
গ্রেফতারকৃত মোঃ তুষার পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামের তমিচ সরদারের ছেলে। সে বর্তমানে পাবনা সদর থানাধীন চক পৌলানপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
ডিবি সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চক পৌলানপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তুষারকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়াবাসার খাটের নিচে লুকানো প্লাস্টিকের ব্যাগ থেকে ১০০ মিলিলিটার পরিমাপের ৭৮ বোতল ‘Rx Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup (ESkuf)’ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তুষার স্বীকার করেছে যে, সে দেশের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল থেকে অবৈধ উপায়ে এসব নিষিদ্ধ মাদক এনে পাবনার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাবনা জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
