
সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্কে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে র্যাবিস (Rabix-VC) ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের কাছে ৩০ পিস র্যাবিস ভ্যাকসিন তুলে দেন। এ সময় তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে প্রতি মাসে নিয়মিত আরও ৩০ পিস করে ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগীদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের সংকট ছিল। সরকারি সরবরাহ না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে বাইরে ফার্মেসি থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হতো। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগীদের দুর্ভোগ কমাতে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে পৌর প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, সরকারি সরবরাহে ভ্যাকসিনের ঘাটতি থাকায় পৌরসভার কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে পৌর প্রশাসনের পক্ষ থেকে আজ ৩০ পিস র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং প্রতি মাসে আরও ৩০ পিস করে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এতে জলাতঙ্কের ঝুঁকিতে থাকা রোগীরা অনেকটাই উপকৃত হবেন।
তিনি পৌর প্রশাসকের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে এবং তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।
এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মানুষের জীবন রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার পক্ষ থেকে সবসময় সহযোগিতা করা হবে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হওয়ায় আক্রান্ত রোগীদের দ্রুত ভ্যাকসিন দেওয়া অত্যন্ত জরুরি। সে বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভার পক্ষ থেকে এই ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
