
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলার বাসিন্দারা রয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুরে রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ জন নওগাঁ জেলার এবং বাকিরা নাটোর ও রাজশাহী জেলার বাসিন্দা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক শোকবার্তায় বলেন, জীবিকার সন্ধানে সুদূর সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার নির্দেশ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের পরিচয় শনাক্তকরণ ও মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছেন। নিহতদের পরিবারের সম্মতি সাপেক্ষে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের অন্যতম বৃহৎ কর্মক্ষেত্র। দেশটিতে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ জানতে সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এদিকে নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা।



আপনার কমেন্ট লিখুন