পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ: ছয়‌জনকে কুপিয়ে জখম,  স্বর্ণালংকার লুট

প্রকাশিত: 28 March 2026, 7:16:30 PM

সংবাদদাতা: 

পাবনার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পিপড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে অতর্কিত এ হামলায় নারীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। হামলার সময় স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৩ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে পিপড়ী গ্রামের একটি পাকা সড়কে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে থাকা একদল হামলাকারী সাব্বির খান (১৮)-এর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ঘিরে ফেলে প্রথমে গালিগালাজ করে এবং পরে নির্দেশ পেয়ে একযোগে আঘাত শুরু করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা হাসুয়া, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, ডিবি স্টিক ও ইটের টুকরোসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। হামলায় সাব্বিরের ডান হাত ভেঙে যায় এবং বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

সাব্বিরের চিৎকারে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও নির্বিচারে হামলা চালায়। এতে সুমন (৩০), শামীম (৪০), মিতানুর (৪০), মোমিন (৪৫) ও পারভীন (৩৪) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সুমনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ দেওয়া হয়, যা তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মিতানুরকে মাটিতে ফেলে মারধর করে তার গলা থেকে আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা তার বাড়িতে ঢুকে টিনের বেড়া কেটে ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত সুমনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে উত্তেজনা থাকলেও এ ধরনের সহিংস হামলার বিষয়ে আগে থেকে কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী মিতানুর বাদী হয়ে পাবনা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩৭৯ ও ৪২৭ ধারার উল্লেখ রয়েছে।

পাবনা সদর থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হওয়ায় ভুক্তভোগী পরিবারে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.