দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরা বিএনপির নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করবেন। মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রীর তালিকায় তার নাম যুক্ত হয়েছে।
আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক ক্যারিয়ারের বড় একটি অংশ জুড়ে রয়েছে সিলেট সিটি করপোরেশন। ২০১৩ সালে বিএনপি থেকে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়ে তিনি আলোচনায় আসেন। ২০১৮ সালের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেলেও, একমাত্র সিলেটে আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়ে নিজের শক্ত অবস্থান জানান দেন। এর ফলে দলের নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায়।
তার রাজনৈতিক উত্থানের নেপথ্যে রয়েছেন চারদলীয় জোট সরকারের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তৎকালীন সিলেট-১ আসনের সংসদ সদস্য সাইফুর রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে তিনি পরিচিত ছিলেন। ওই সময়ে প্রয়াত অর্থমন্ত্রীর সিলেটকেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি করতেন আরিফুল হক, যাকে অনেকেই সেই সময় ‘ছায়া অর্থমন্ত্রী’ হিসেবে অভিহিত করতেন।
বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফুল হক চৌধুরী। এর আগে তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া সিলেট জেলা বিএনপির সদস্য হিসেবেও যুক্ত আছেন তিনি। অতীতে সিলেট মহানগর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ।
দীর্ঘ দুই দশক পর আবার সরকার পরিচালনা করতে যাওয়া বিএনপির মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রীর একজন হলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।






আপনার কমেন্ট লিখুন