বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে এই সাংবিধানিক পদের জন্য সবদিক থেকে যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি পদে আসীন ব্যক্তিদের সমালোচনা করে আসিফ নজরুল উল্লেখ করেন, গত দুই যুগ ধরে এই সর্বোচ্চ সাংবিধানিক পদটি অনুপযুক্ত ব্যক্তিদের দখলে ছিল। তিনি তাদের অকর্মণ্য, অথর্ব এবং চরম অনৈতিক হিসেবে আখ্যায়িত করেছেন। সেই প্রেক্ষাপটে মির্জা ফখরুলের নিয়োগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি লিখেছেন, বহু বছর পর রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে আমরা সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে পেতে যাচ্ছি।
মির্জা ফখরুলের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল শক্তভাবে ধরে রেখেছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি নানাভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। মির্জা ফখরুলের ব্যক্তিগত গুণাবলির প্রশংসা করে তিনি তাকে একজন ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী এবং সুবক্তা রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেছেন।
একই পোস্টে আসিফ নজরুল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তারেক রহমান উপযুক্ত ব্যক্তিকে আসীন করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসনীয়। সব মিলিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার বিষয়টিকে দেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখছেন সাবেক এই আইন উপদেষ্টা।










আপনার কমেন্ট লিখুন