
স্টাফ রিপোর্টার, পাবনা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর রোড পেট্রোলিং ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও প্রবেশপথে এ যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
যৌথ বাহিনীর এই অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে জেলা পুলিশ সাধারণ জনগণ ও যানবাহন চালকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে—যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করার জন্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সবার সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পাবনা গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
