
স্টাফ রিপোর্টার:
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিসেম্বর ২০২৫ মাসে সংঘটিত গুরুত্বপূর্ণ ডাকাতি, খুন ও চুরির মামলার রহস্য উদঘাটন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারসহ রেঞ্জভুক্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি। তার মূল্যায়নে রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে সার্বিক কার্যক্রমে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয় পাবনা জেলা পুলিশ।
শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি হিসেবে ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি পাবনা জেলা পুলিশকে ক্রেস্ট প্রদান করেন। পাবনা জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
এছাড়া ডিসেম্বর ২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হন গোয়েন্দা শাখা পাবনার এসআই (নিঃ) অসিত কুমার বসাক। ভাঙ্গুড়ার একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে বিশেষ ভূমিকার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।
একই মাসে স্কুলের ল্যাবরেটরি সামগ্রী চুরির মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই (নিঃ) বিজন সরকার।
অস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এসআই (নিঃ) বেনু রায় (পিপিএম), এসআই (নিঃ) অসিত কুমার বসাক এবং এসআই (নিঃ) মো. লতিফুর রহমান, ঈশ্বরদী থানা, পাবনা।
পাবনা জেলা পুলিশের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে রাজশাহী রেঞ্জের ডিআইজি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
