
মোঃ সিয়াম
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে অনন্য সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার উদ্যোগে ও নির্বাহী পরিচালক বরনা খাতুনের সার্বিক দিকনির্দেশনায় রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) পাবনা জেলার বিভিন্ন এলাকায় একযোগে প্রতিবন্ধী, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে ৭০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
পাবনা জেলায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন শাখা কার্যালয়ের মাধ্যমে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন। শীতের এই সময়ে কম্বল পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন অনন্য সমাজ কল্যাণ সংস্থার গভর্নিং বডির সদস্য মোঃ আতিয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমসহ সংস্থার প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনন্য সমাজ কল্যাণ সংস্থা সবসময় মানবিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও জানান, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনন্য সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
