• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে লটারিতে নির্বাচিত ৬৪ জেলার নতুন এসপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে বিশেষভাবে আয়োজিত ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করে নির্বাচিত কর্মকর্তাদের পর্যায়ক্রমে জেলায় জেলায় পদায়ন দেওয়া হবে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।

সূত্র জানায়, এবার এসপি নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই অতীতে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৬, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই চূড়ান্ত তালিকাভুক্তদের মধ্য থেকেই ম্যানুয়াল লটারি করে ৬৪ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে গত ফেব্রুয়ারির প্রথম দিকেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের কাজ শুরু হয়। প্রধান উপদেষ্টার নির্দেশে যোগ্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে কমিটির হাতে তুলে দেওয়া হয় এবং স্বচ্ছতার স্বার্থে লটারির মাধ্যমে জেলার পদায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় নবনিযুক্ত এসপিদের যোগদান স্থগিত রাখা হয়—তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে, গত শনিবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতাতেই এবার ৬৪ জেলার এসপি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *