
মোঃ মনিরুজ্জামান:
দুইদিনের সংক্ষিপ্ত ও ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনা শহরে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে তিনি পাবনা সার্কিট হাউসে পৌঁছান। এটি দায়িত্ব গ্রহণের পর তার পঞ্চম সরকারি সফর পাবনাতে।
পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার শেষে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শনিবার বিকেলে পাবনা আরিফপুর গোরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে শহরের পাথরতলা (পুরাতন চারতলা মোড়) এলাকায় তার শ্বশুরবাড়িতে আত্মীয়-স্বজনদের সাথে কুশল বিনিময় করবেন। রাতে তিনি পাবনা সার্কিট হাউজে অবস্থান করবেন।
আগামীকাল রবিবার সকালে রাষ্ট্রপতি বঙ্গভবনের উদ্দেশ্যে হেলিকপ্টারে ঢাকা ফিরে যাবেন।
