• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ সিয়াম:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুজাহিদ ক্লাব সংলগ্ন বাংলাদেশ ঈদগাহ মাঠ থেকে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানার নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন ও জেলা যুবদলের অন্যান্য নেতাদের নেতৃত্বে আরেকটি বিশাল মিছিল মূল শোভাযাত্রার সঙ্গে যুক্ত হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন, শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর। তাদের অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সদস্য সচিব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম (রূপম), ফারুক হোসেন সুজনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় নেতারা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের দিন নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারের দিন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। এই তরুণ শক্তিকে গঠনমূলক কাজে ও দেশ পুনর্গঠনে যুক্ত করতে হবে। দল ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিনব্যাপী কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পাবনা শহর পরিণত হয় যুবদলের এক মিলনমেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *