
মোঃ মনিরুজ্জামান:
পাবনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও কলেজের নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমিন প্রিন্সিপাল ইকবাল হোসাইন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোঃ আব্দুস ছালাম, নব কমিটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় কলেজের একাডেমিক ভবন নির্মাণ, প্যাথলজি ল্যাব স্থাপন, প্রাচীর নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া কলেজের সার্বিক উন্নয়নের জন্য দশ কোটি টাকার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়।
আলোচনা শেষে অতিথিরা হোমিওপ্যাথি কলেজের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত হন এবং দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
