
স্টাফ রিপোর্টার :
পাবনার সাঁথিয়ায় শ্বশুর মোজাম হোসেনকে (৭০) বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে পুত্রবধূ রুমি খাতুনের বিরুদ্ধে। রোববার (৩১ আগস্ট) রাত আটটার দিকে পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম হোসেনের বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে সাঁথিয়া কলেজপাড়ায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মোজামের ছেলে মিঠুর সঙ্গে আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুমি মানসিক রোগে ভুগছিল বলে তার পরিবার জানায়। তিনি ঢাকার মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
রোববার রাতে আচমকা তার মানসিক অবস্থা অবনতির দিকে গেলে তিনি ঘরে থাকা বটি দিয়ে শ্বশুর মোজামের পেটে ও পিঠে আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে তার অন্ত্র বের হয়ে যায়। প্রথমে স্থানীয়রা তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত তিনটার দিকে তিনি মারা যান।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
