পাবনায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালিতে অংশ নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এসময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার দুপুরে পাবনা গোলাপুরস্থ পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেক জনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসেন।
র্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে শান্ত হন।
সংঘর্ষে জড়িয়ে পড়া দুই গ্রুপই এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হলেও তাদের তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা পাওয়া যায়নি।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘সেই সময় আমরা ফাঁকে ছিলাম, ঘটনা বুঝতে পারি নাই। কারা করলো আমরা খোঁজখবর নিচ্ছি, খবর পেলে আপনাকে জানাবো।’
এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছে।’
