ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এর আগে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে দোকান মালিক ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত প্রায় ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- মানিক হোসেন ওরফে সুমন (৩২)। তিনি একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মানিক হোসেন একটি মুদি দোকানে প্রবেশ করেন। দোকানটির পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে দোকান মালিক হাবিবুল মণ্ডল বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় মানিকের হাতে থাকা একটি ধারালো চায়নিজ কুড়াল দিয়ে হাবিবুলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ।
হাবিবুল মণ্ডলের চিৎকার শুনে তার দুই ছেলে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মানিককে আটক করে মারধর করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত হাবিবুল মণ্ডল ও তার দুই ছেলেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
