
স্টাফ রিপোর্টার: দেশের প্রাচীন আঞ্চলিক সংবাদপত্রগুলোর অন্যতম দৈনিক ইছামতি-র প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ (৩১ জুলাই)।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় দৈনিক ইছামতি কার্যালয়ে পবিত্র কোরআন খতম, একই সময়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা শাখা কার্যালয়ে দোয়া মাহফিল, বাদ জুমা পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদে পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল।
শফিউর রহমান খান ১৯৩১ সালের ২৩ ডিসেম্বর পাবনা জেলার বেড়া উপজেলার টাংবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি শিক্ষাজীবন সম্পন্ন করেন এবং সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। ১৯৬০-এর দশকে তিনি দৈনিক সংবাদ-এর ফরিদপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে পত্রিকাটির কেন্দ্রীয় কার্যালয়ের সার্কুলেশন ও রিপোর্টিং বিভাগেও দায়িত্ব পালন করেন।
পাবনার সংবাদপত্র জগতে তিনি ছিলেন একজন পথিকৃৎ। ১৯৮০ সালে তিনি ‘পাবনা বার্তা’ নামে জেলার প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এরপর ১৯৯১ সালে পাবনা থেকে প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক ইছামতি’ প্রকাশের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি আঞ্জুমান মুফিদুল ইসলাম, পাবনা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার সভাপতি, বাংলা একাডেমি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং পাবনা প্রেসক্লাবের সদস্য ছিলেন। এছাড়া তিনি ভাসানী স্মৃতি সংসদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০০১ সালের ৩১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাধারণ মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।
মরহুম শফিউর রহমান খানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী, পাঠক ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছে দৈনিক ইছামতি পরিবার।
