
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন আহাম্মদপুর উত্তর পাড়া লিচু বাগান এলাকা থেকে রুবেল নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি আহাম্মদপুর উত্তর পাড়ায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে। সকালে স্থানীয় লোকজন লিচু বাগানের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত আমিনপুর থানায় খবর দেন।
খবর পেয়ে আমিনপুর থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি আমিনপুর থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, পারিবারিক কলহের কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আবার অনেকেই বলছেন, রুবেল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রুবেল শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তারা হতবাক ও ব্যথিত।
আমিনপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস এন জামান হাশেমী
