
মোঃ সিয়াম:
পাবনা শহরে বইপ্রেমীদের জন্য শুরু হয়েছে আট দিনব্যাপী এক প্রাণবন্ত আয়োজন। আলোকসজ্জা আর সাংস্কৃতিক আবহে শুক্রবার রাতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে এই বইমেলার।
উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সন্ধ্যা ৭টায় আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে চত্বরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সংলাপ শুরু করেছে, যা ভবিষ্যতে আরও সুসংগঠিত কাঠামো গঠনে সহায়ক হবে।
মেলা প্রাঙ্গণে ইতোমধ্যে বসেছে বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল। নতুন বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজন দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে। আগামী আট দিন ধরে এই মেলা বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
