• Sat. Apr 4th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

গণমাধ্যমের স্বাধীনতায় নতুন বার্তা, নির্যাতনের হিসাব চাওয়ার উদ্যোগ!


মোঃ সিয়াম :
গণমাধ্যমের স্বাধীনতা শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার,এমনই ইঙ্গিত দিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর হওয়া নির্যাতনের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগের কথাও জানালেন তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে, যা ভবিষ্যতের একটি কার্যকর কাঠামো তৈরিতে সহায়ক হবে বলে আশা করছেন তিনি।
তথ্যমন্ত্রীর ভাষায়, গণমাধ্যমের ওপর নির্যাতনের ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা একটি সময়ের শাসনব্যবস্থার প্রতিফলন। তিনি জানান, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এখন লক্ষ্য হচ্ছে একটি নিরাপদ ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ গড়ে তোলা। আর এ লক্ষ্য পূরণে অতীতের নির্যাতনের ঘটনাগুলো চিহ্নিত করে দায়ীদের বিচারের আওতায় আনার প্রস্তুতিও চলছে।
এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকদের অংশগ্রহণে নির্যাতনের ঘটনাগুলোর একটি নির্ভরযোগ্য তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যাতে করে কোনো ঘটনা আড়ালে না থাকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বইমেলা উদযাপন পরিষদের সদস্যসচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
এছাড়াও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *