
পাবনা সংবাদদাতা:
পাবনার কাশীনাথপুরে সবুজে ঘেরা মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ সুজানগর-বেড়া উপজেলা উন্নয়ন ফোরামের ঈদ পুনর্মিলনী। রবিবার (২২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ আয়োজনে সুজানগর, বেড়া ও আমিনপুর এলাকার বিপুলসংখ্যক মানুষ পরিবার-পরিজনসহ অংশ নেন। ঈদের এই মিলনমেলা এক পর্যায়ে সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগের প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সভাপতিত্ব করেন অধ্যাপক কে এম হেসাব উদ্দিন এবং সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব মন্ডল বলেন,

ঈদের এই পুনর্মিলনী শুধু সৌহার্দ্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংগঠনকে নতুনভাবে গুছিয়ে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিকল্পিতভাবে কাজ করলে দীর্ঘমেয়াদি লক্ষ্য স্বল্প সময়ে অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, আত্মত্যাগ, সততা ও নিষ্ঠার মাধ্যমে আদর্শিক পথে থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে সফলতা অর্জন করা সম্ভব।

বিশেষ অতিথি ড. নাজিবুর রহমান মোমেন বলেন, সংগঠনের শক্তি বাড়াতে পারস্পরিক সম্পর্ক ও আদর্শিক চেতনা আরও দৃঢ় করা জরুরি। অন্যান্য বক্তারাও সাংগঠনিক ঐক্য, তৃণমূলের সম্পৃক্ততা এবং আদর্শিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আয়োজকরা অতিথিদের জন্য নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন। নারী-পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আন্তরিক মিলনমেলায় রূপ নেয়।
