ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও দলীয় নেতাকর্মীদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে শেখ মো. জাকারিয়া নামে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছে স্থানীয় বিএনপি। এরই প্রেক্ষিতে, তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা।
উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ মো. জাকারিয়ার সঙ্গে বর্তমানে বিএনপির কোনো পর্যায়ের রাজনৈতিক সম্পর্ক নেই। বিজ্ঞপ্তিতে তাকে গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের জামায়াত নেতা কাজী মো. মনজুরুল হকের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে জাকারিয়া উপজেলার কোনো বিএনপি সংগঠনের কোনো পদে নেই বলেও স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে যে, জাকারিয়া বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও ছাত্রদলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কোনো সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকারিয়ার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক ইমরান শেখ। দলের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



আপনার কমেন্ট লিখুন