
যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপ্রিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজারের সন্তান আমিনুর রহমান কাবিদ। পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি গত এক বছর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামের বাসিন্দা মরহুম আব্দুর রহমান ছুরুক মিয়ার ছেলে আমিনুর রহমান কাবিদ প্রবাসে আসার পর থেকেই ব্রিটিশ রাজনীতি ও কমিউনিটি সেবায় নিজেকে সক্রিয় রেখেছেন।
বর্তমানে তিনি লেবার পার্টির পন্টিপ্রিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্কুল গভর্নর, ফুডব্যাংক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, ‘আমার মূল লক্ষ্য হবে পন্টিপ্রিড মেন’স শেড চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। পাশাপাশি শহরের নাগরিকদের কল্যাণ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।’
তাঁর এই অর্জনে বিশ্বজুড়ে মৌলভীবাজারবাসী ও গ্রেটার সিলেট কমিউনিটির মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাঁকে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের কর্মময় পথচলায় উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
