
পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. আবু তালেব মোল্লা (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ফরিদপুর থানা এলাকার পার ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবু তালেব মোল্লা ওই গ্রামের মৃত আরসেদ মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিনের সাহসী নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে আবু তালেবের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আসামিকে গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এ বিষয়ে ফরিদপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত প্রক্রিয়ার অংশ। অত্যন্ত সাহসিকতার সাথে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান নিশ্চিত করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই ঝটিকা অভিযানে এবং প্রশাসনের তড়িৎ সিদ্ধান্তে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
