• Sat. Mar 21st, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আটঘরিয়ায় তমা হত্যা মামলার বাদীর পরিবারে ফের হামলা: মামলা তুলে নিতে চাপ, আতঙ্কে স্বজনরা


পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে কিশোরী তমা খাতুন হত্যা মামলার বাদী পরিবারের ওপর আবারও হামলার অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসা আসামিপক্ষ এবার সরাসরি হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২০ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে তমার চাচা আলিমুদ্দিনের ওপর হামলার চেষ্টা করা হয়। একই সময় তমার বাবা নায়েব আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।


ভুক্তভোগী পরিবারের দাবি, তমা হত্যা মামলার আসামি আদম আলীর নেতৃত্বে তার সহযোগীরা—বদর (পিতা: রোকান প্রামানিক), পান্না (পিতা: গনি), আজাদ মোল্লাসহ আরও কয়েকজন—এই হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে বাড়িঘরে ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, তমা হত্যা মামলাটি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এসব কারণে তারা ইতোমধ্যেই গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কিন্তু গ্রামছাড়া হওয়ার পরও তাদের ওপর হামলা ও ভয়-ভীতি অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর একই গ্রামের হাচেন আলীর বাঁশঝাড় থেকে তমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তমার বাবা নায়েব আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে র‍্যাব সন্দেহভাজন হিসেবে আদম আলীকে গ্রেপ্তার করলেও তিনি প্রায় ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
পরিবারের অভিযোগ, জামিনে বের হওয়ার পর থেকেই আসামিপক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে এবং মামলা তুলে নিতে নানা কৌশলে চাপ সৃষ্টি করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল বলছে, একটি হত্যা মামলার বাদী পরিবার যদি এভাবে হামলা ও হুমকির শিকার হয়, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচারের আশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ভুক্তভোগী পরিবার দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও তমা হত্যা মামলার সুষ্ঠু বিচার দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *