পাথরতলায় রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা উদযাপন

প্রকাশিত: 30 September 2025, 6:46:36 PM

মোঃ সিয়াম:
পাবনা সদরের পাথরতলায় অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও মন্দিরে মহাঅষ্টমী উপলক্ষে ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পূজার্চনার মধ্য দিয়ে এ আচার সম্পন্ন হয়।

পূজা উপলক্ষে সকাল থেকেই ভক্ত-দর্শনার্থীরা সেবাশ্রম প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। ধর্মীয় নিয়ম অনুযায়ী, অল্পবয়সী এক কন্যাশিশুকে দেবী দুর্গার প্রতীক হিসেবে সজ্জিত করা হয় এবং তাকে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ধূপ-ধুনোর গন্ধে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

ধর্মীয় বিশ্বাস মতে, কুমারী পূজা শক্তির আরাধনা ও মানবিকতার জাগরণের প্রতীক। রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ অনুযায়ী, প্রত্যেক নারীতেই মাতৃশক্তি বিরাজমান। তাই নিরপরাধ, অকলঙ্কিত ও নিষ্পাপ কন্যাশিশুকে দেবী দুর্গার রূপে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, কুমারী পূজার মাধ্যমে অশুভ শক্তি বিনাশ হয় এবং সত্য, সুন্দর ও কল্যাণের পথে সমাজ এগিয়ে যায়। পূজায় অংশ নেওয়া ভক্তরা জানান, কুমারী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক উপলব্ধি। শিশু কুমারীকে দেবীর রূপে দেখে তারা মায়ের স্নেহ, ভালোবাসা ও শক্তির প্রতীক অনুভব করেন।
পূজা উপলক্ষে সেবাশ্রম কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি গ্রহণ করে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে কুমারী পূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।

আরও খবর

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.