স্টাফ রিপোর্টার :
পাবনায় নোংরা পরিবেশে বিস্কুট ও কেক উৎপাদন এবং অগ্রিম ডেট দিয়ে পণ্য বিক্রির অপরাধে জনপ্রিয় কনফেকশনারি প্রতিষ্ঠান কফিল উদ্দিন এন্ড আহমেদ কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা শহরের বাজার সংলগ্ন প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। অভিযানে সহায়তা করে স্থানীয় পুলিশের একটি চৌকস টিম।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করা ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

