• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার আটঘরিয়ায় মোবাইল চোরের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক- ১

মিনারুল ইসলাম (স্টাফ রিপোর্টার পাবনা) : পাবনার আটঘরিয়ায় সংঘবদ্ধ চোরদের ছুরিকাঘাতে আসাদুল হোসেন ওরফে আসাদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গুচ্ছগ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল উদ্দীনের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পরে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে নিয়ে পালাচ্ছিলেন। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। 

তখন চোরের দল ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই আসাদের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে শরিফুল নামক এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি একই উপজেলার কালামনগর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আজকের ঘটনা ছাড়াও এলাকায় ব্যাপক চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে সকল খামারিদের পাহারা দিতে হয়। 

নতুন করে চোরের আমদানি হওয়াতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর শুরু হয়েছে। পুলিশের নাকের ডগায় জুয়া খেলা চললেও পুলিশ চোখে দেখে না দেখার ভান করে। জুয়া এবং নেশার কারণেই এসব লোকজন চুরির পথ বেছে নিয়েছে বলে তারা জানান। যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

‎আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *