বিশ্বমঞ্চে উড়বে লাল-সবুজ: ১৯২ দেশের সামনে বাংলাদেশকে তুলে ধরবেন পাবনার আকাদুল্লাহ
বিশেষ প্রতিনিধি, পাবনা:
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক যুব সম্মেলন ‘ওয়ার্ল্ড ইউথ ফেস্ট ২০২৬’ (World Youth Festival 2026)-এ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক যুব প্রতিনিধি (Youth Delegate) হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন পাবনার কৃতি সন্তান মো. আকাদুল্লাহ।
আগামী সম্মেলনে বিশ্বের ১৯২টি দেশের প্রায় ১০ হাজার নির্বাচিত যুব প্রতিনিধিদের সাথে তিনি লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন। আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের জন্য তার যাতায়াত, বাসস্থান ও আনুষঙ্গিক লজিস্টিকস খরচ আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্পূর্ণ ‘ফুলি ফান্ডেড’ (Fully Funded) হিসেবে প্রদান করা হচ্ছে।
মো. আকাদুল্লাহ পাবনা সদর উপজেলার জোতগৌরী জালালপুর গ্রামের সন্তান। তার বাবার নাম মো. মতিউর রহমান এবং মায়ের নাম বেদেনা খাতুন। তিনি ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। সামাজিক ও সেবামূলক কাজের অংশ হিসেবে ২০১৭ সালে রাষ্ট্রপতির কাছ থেকে অর্জন করেন স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’। এছাড়াও তিনি অপেশাদার রেডিও নেটওয়ার্কের একজন লাইসেন্সপ্রাপ্ত রেডিও অপারেটর (Callsign: S21AKD) এবং বিভিন্ন তরুণ সমাজসেবামূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মো. আকাদুল্লাহ বলেন, “বিশ্বের ১৯২টি দেশের প্রতিনিধি ও তরুণ নেতৃত্বের সামনে বাংলাদেশের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং আমাদের তরুণ সমাজের সম্ভাবনা তুলে ধরা আমার মূল লক্ষ্য। পাবনা জেলা তথা পুরো বাংলাদেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করতে সবার দোয়া ও ভালোবাসা কাম্য।”
পাবনার স্থানীয় সুশীল সমাজ ও যুব সংগঠনের নেতৃবৃন্দ তার এই আন্তর্জাতিক অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এবং শুভকামনা জানিয়েছেন।










আপনার কমেন্ট লিখুন